১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ জুন ২০২৫ ০৮:০৬
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সারাদেশ থেকে দলটির লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতাদের পাশাপাশি অন্যান্য দলের নেতাদেরও এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়।
শনিবার (২৮ জুন) সকাল ১০টা থেকেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। তবে মূল কার্যক্রম শুরু হয় বেলা ২টায়। অন্যান্য দলের নেতারা বিকেলে মহাসমাবেশে যোগ দেন।
জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের একটা দূরত্ব ছিল।
তবে সম্প্রতি ইসলামি ধারার দুটি দলই কাছাকাছি আসতে শুরু করে। এর বহিঃপ্রকাশ ঘটল আজকের মহাসমাবেশে। এতে জামায়াতের ইসলামীর চারজন শীর্ষ নেতা অংশ নেন। আগামী নির্বাচনে দল দুটির মধ্যে আসন সমঝোতা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এতে অন্যান্য ইসলামি দলেরও থাকার কথা রয়েছে।
ইসলামী আন্দোলনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই মহাসমাবেশে অন্যান্য দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন-
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম।
অন্যান্য দলগুলোর মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের সহাসচিব
মাওলানা জালাল উদ্দীন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সদস্য সচিব মুহাম্মদ আখতার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, গণঅধিকার পরিষদ সভাপতি নূরুল হক নূর, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।
ছিলেন হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান জোটের নেতারাও। এর মধ্যে বক্তব্য দেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও।
Helpline - +88 01719305766