মৌলভীবাজারের জুড়ীতে ৬৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ
প্রকাশিত:বুধবার, ১৪ মে ২০২৫ ০৬:০৫
Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৬৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৫ জন অনগ্রসর নারী ও পুরুষের মাঝে ৬৫টি বকনা গরু বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও পুরুষের মাঝে বকনা গরু বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৃদুল কান্তি দে, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সভাপতি মাইকেল নংরুম, সাধারণ সম্পাদক ওয়ানমন লংডঃ, জুড়ী আদিবাসী ফোরামের সভাপতি ভাগ্য সিংহ, সহ সভাপতি উদয় মুন্ডা, সাংগঠনিক সম্পাদক শান্ত সিংহ, ইউপি সদস্য বাসন্তী কুর্মি প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৃদুল কান্তি দে বলেন, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে এই প্রথম উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৫ জনের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। এতে আগামীতেও এলাকার আরো কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন বকনা গরু পেতে পারেন।
বকনা গরু পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী আদরি ওরাওঁ, মনিহার সিংহ, লাভলী লংডঃ এবং উজ্জল মুন্ডা, জগত মোহন তেলী বলেন, সরকারের কাছ থেকে বিনামূল্যে গরু পেয়ে ভীষণ খুশি লাগছে। সরকার না দিলে নিজের টাকা দিয়ে গরু কেনা কোনদিনও হতো না। গরুগুলো যত্ন সহকারে লালন-পালন করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করবেন তারা।