৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ০৯:০৬
বড় টুর্নামেন্টে শেষ দিকে খেই হারানোর জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকা। এই কারণেই তো চোকার্স তকমাটা তাদের গায়ে সেঁটে আছে। অবশেষে এই ‘চোকার্স’ তকমা ঘোচাল প্রোটিয়ারা। জায়ান্ট কিলার আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। ইতিহাসের প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো প্রোটিয়ারা।
ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ জুন) অফগানিস্তানের দেয়া ৫৭ রানের লক্ষ্য ৯ উইকেট ও ৬৭ বল হাতে রেখেই নিয়ে নেয় এইডেন মার্করামের দল। বারবার সেমিতে গিয়ে বাদ পড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার্স’ নামে ডাকা হতো। তবে অবশেষে সেই ‘চোকার্স’রা ফাইনালের টিকিট কেটেছে।
সহজ লক্ষ্য তাড়া করার ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রেজা হেন্ডরিক্স। তবে আজ সেমিতে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ৫ রানে কুইন্টন ডি ককের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৮ বলে ৫ রান করে ফজলহক ফারুকীর বলে বোল্ড হয়ে সাজঘিরে ফিরে যান কুইন্টন ডি কক।
কুইন্টন ডি ককের বিদায়ের পর জুটি গড়েন রেজা হেন্ডরিক্স ও এইডেন মার্করাম। দ্বিতীয় উইকেটে এই জুটির ৫২ রানে ভর করে ৬৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা। মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলতে নেমে মাত্র ১১ দশমিক ৫ ওভার টিকেছে আফগানদের ইনিংস। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানতো বটেই, বিশ্বকাপের সেমিফাইনালেও যে কোনো এটি সবচেয়ে কম রানের নজির।
Helpline - +88 01719305766