|
প্রকাশিত:Monday, 12 Jun 2023 11:06
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৩ হাজার ৯৮০ ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।
এছাড়া টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপম পেয়েছেন ৭ হাজার ৯৯৯ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস পেয়েছেন ৬ হাজার ৬৬৫ ভোট, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট, হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৮১ ভোট ও হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান পেযেছেন ৫২৯ ভোট।
রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির নির্বাচনের ফলাফল অনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এতে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মেয়র নির্বাচিত হন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৪১ হাজার ৭৫৬ জন।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বরিশালে এই নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বরিশালের নতুন নগর পিতা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাই। সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের ছেলে আবুল খায়ের আবদুল্লাহও ৭৫ এর ১৫ আগস্ট কালো রাতে নির্মমতার শিকার হন। হাতে-পায়ে প্রায় ছয়টি গুলি খেয়েছিলেন তিনি। এখনও সেই গুলির স্প্লিন্টার রয়ে গেছে তার। বাবার মৃত্যুর পর বড় ছেলে আবুল হাসানাত আবদুল্লাহ বরিশালে আওয়ামী লীগের হাল ধরেন। নানা চড়াই উতরাইয়ের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবুল হাসানাত আবদুল্লাহ সংসদের চিফ হুইপ হন। এরপর ২য় দফায় আওয়ামী লীগে ২০০৮ সালে সরকার গঠন করে এখন পর্যন্ত ক্ষমতায় আছে। কিন্তু প্রধানমন্ত্রী পরিবারের নিকটাত্মীয় হলেও আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত অনেকটা নিরবে নিভৃতে থেকেছেন। সমুদ্রবন্দরকেন্দ্রিক বিদেশগামী পণ্যবাহী জাহাজ নিয়ে তার ব্যবসা।
১৯৮০-৮১ সাল থেকে এ ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। জাতির পিতার ভাগ্নে পরিচয়ে কোথাও ক্ষমতা দেখানো বা প্রভাব খাটানোর রেকর্ড তার নেই। এমনকি এত বছর পর্যন্ত ক্ষমতায় আওয়ামী লীগ সরকার থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা চিনতেন না এই খোকন সেরনিয়াবাতকে। মাস দুয়েক আগে নগরীর কালুশাহ সড়ক এলাকায় ভাড়া বাসায় উঠেন তিনি। আর এখন এই নেতার বাসভবনে দিনরাত লোকে লোকারণ্য হয়।
সর্বশেষ তিনি বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেন। অতঃপর বরিশাল সিটির মেয়র ও তার ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সরিয়ে চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766