নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি এবং চোর চক্রের আরও দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া (সরকারি আশ্রয়কেন্দ্র) এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামন থেকে চন্দন কুর্মী নামে এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আল আমিন অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
অপরদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামন থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা কুলাউড়া থানার মামলা নং-২৯, তারিখ ২৪/১০/২০২৬ উক্ত মামলার তদন্তে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া প্রকাশ মুন্নাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।