|
প্রকাশিত:Monday, 02 Nov 2026 10:11
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি দিয়ে ‘বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্যজোট সিলেট।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে সিলেটের হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক এবং শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল শুরুর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এবং শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শ্রমিক নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথির রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সদস্য সচিব বুরহান উদ্দিন ভান্ডারী।
এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব রায়হান আহমেদ, আবদুল জলিল, ধানিছ মিয়া, রাজু কান্তি দাশ, আজিজ আহমেদ, সবুজ আহমেদ, মর্তুজা আলী, তাহের হোসেন, জুবায়ের আহমেদ, খায়রুল ইসলাম, আজিবর রহমান ও তাজুল ইসলামসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দীর্ঘ লড়াই-সংগ্রামের পর শ্রমিকের দাবি মেনে নিয়ে আইনি স্বীকৃতি দেওয়ায় বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। বক্তারা বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে চলা লাগাতার আন্দোলন, হাজার হাজার শ্রমিকের জেল-জুলুম, নির্যাতন ও আত্মত্যাগের ফসল এই বিধিমালা। এই খাতের সাথে সরাসরি প্রায় ৫০ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। তাই আইনটিকে পূর্ণাঙ্গ ও কার্যকর করতে কিছু দফা-উপদফা সংশোধন করে আরও শ্রমিকবান্ধব করা জরুরি।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, বিধিমালা-২০২৬ গেজেট আকারে প্রকাশের মাধ্যমে এদেশের মেহনতি অটোরিকশা শ্রমিকদের ঐতিহাসিক বিজয় সূচিত হয়েছে। এখন অবিলম্বে রুট পারমিট ও লাইসেন্স প্রদান করে এ খাতকে সুশৃঙ্খল করতে হবে। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স সিটি কর্পোরেশনের বদলে বিআরটিএ থেকে প্রদান করা হলে তা অধিক শ্রমিকবান্ধব হবে। তিনি আরও বলেন, ঘোষিত বিধিমালাকে আরও শ্রমিকবান্ধব ও পরিমার্জিত করার দাবিতে আগামী ৯ নভেম্বর সোমবার সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।-বিজ্ঞপ্তি
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766