ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক
প্রকাশিত:বুধবার, ২১ অক্টো ২০২৬ ০৯:১০
Manual8 Ad Code
সুরমাভিউ:- সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও এর অন্তর্নিহিত শিক্ষা আমাদের সমাজে থেকে যাবে। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই হোক আমাদের প্রত্যাশা। তিনি বললেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় বর্তমান বিএনপি সরকার বদ্ধপরিকর। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর চাঁদনীঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদনীঘাটের অস্থায়ী সুবোধ মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের একটি দীর্ঘদিনের ঐতিহ্য হচ্ছে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। একে অপরের ধর্মীয় অনুষ্ঠানকে সম্মান করা এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক সংস্কৃতির অংশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার; আর উৎসবের আনন্দ সবার। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় মতের ভিন্নতা থাকলেও ধর্মীয় সম্প্রীতি, মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়। কোনো ব্যক্তি যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরবাসীর ধর্মীয় ও সামাজিক সব উৎসব যেন নিরাপদ, সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর পূজামণ্ডপের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।পাশাপাশি পুণ্যার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সড়ক মেরামত, গুরুত্বপূর্ণ এলাকা ও পূজামণ্ডপে আলোকসজ্জা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা সভাপতি সুব্রত দেব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, পূজা পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা ফ্রন্ট জেলার আহ্বায়ক খোকন রঞ্জন দে, সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, পূজা ফ্রন্ট মহানগর শাখার আহবায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, ঐক্য ফ্রন্ট সিলেট মহানগরের সদস্য সচিব রাজীব কুমার দে রাজু, ঐক্য ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব এডভোকেট পলাশ ধর, পূজা পরিষদ সিলেট জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক অপূর্ব শর্মা, পূজা পরিষদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না, নন্দন চন্দ্র পাল, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ রঞ্জন এষ, ছাত্র ঐক্য সিলেট জেলার সভাপতি মিথিল পাল প্রান্ত, পূজা পরিষদ মহানগরের আইন সম্পাদক এডভোকেট বিপ্লব দে মাধব, শাহপরান থানার সভাপতি বিরেশ দেবনাথ, মোগলাবাজার থানার সভাপতি মনমোহন দেবনাথ, শিবব্রত ভৌমিক চন্দন, টিটন মল্লিক, ঝলক আচার্য্য, শৈলেন কর, চিত্রশিল্পী ভানু লাল দাস, লিটন চন্দ্র দাস, অরুন কুমার বিশ্বাস, দুলাল চন্দ্র দেব প্রমুখ।
এবারের দুর্গাপূজায় সিলেট মহানগরীতে ১৬২টি এবং জেলায় ৪৭৬ টি পূজা মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে সিলেটের চাঁদনী ঘাটে প্রায় শতাধিক প্রতিমা নিরঞ্জন করা হয়৷ এদিকে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা করার জন্য সিলেটের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।