ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জের সভাপতি নোমান আহমদ, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন আহমদ, মো. জয়নাল আবেদিন পীর ও মোহাম্মদ আফতারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের (দিবা) সহকারী প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস এবং (প্রভাতী) সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের (প্রভাতী) শিক্ষক মো. শামসুল হুদা।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের ফুটবল উৎসবে বিদ্যালয়ের প্রভাতী শিফটের ১০টি দল এবং দিবা শিফটের ১০টি দলসহ মোট ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখে ফুটবল উৎসবের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফুটবল উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ম্যাচে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় জমে উঠেছে এবারের ফুটবল উৎসব-২০২৬।