১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০২ সেপ্টে ২০২৬ ০৮:০৯
সুরমাভিউ:- সিলেটের ওসমানীনগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ওসমানীনগর উপজেলা শাখা।
২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় গোয়ালাবাজারস্থ রান্নাঘর পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি ইশরাক ফাহিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জামিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার সেক্রেটারি মাহমুদ হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও ব্রিটিশ কলোজিয়েট স্কুলের প্রিন্সিপাল রেজাউল করীম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার সেক্রেটারি আনহার আহমদ, তাজপুর কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাব্বিল আহমদ শামিমসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই সাফল্য যেন ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করে দেয়। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে প্রিন্সিপাল রেজাউল করীম বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766