সভায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় গৃহীত প্রস্তুতি, ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সাম্প্রতিক সময়ে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, মৌলভীবাজার দ্রুত মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসন মৌলভীবাজারের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কমলগঞ্জ উপজেলায় ২০ মেট্রিক টন, মৌলভীবাজার সদর উপজেলায় ২০ মেট্রিক টন এবং শ্রীমঙ্গল উপজেলায় ১০ মেট্রিক টন ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
এছাড়া, সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ১ হাজার ৭শ ৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলার ভিত্তিতে উপ-বরাদ্দের পরিমাণ হলো— বড়লেখায় ২৬০ ব্যাগ, জুড়ীতে ১৫৭ ব্যাগ, কুলাউড়ায় ৩৪০ ব্যাগ, রাজনগরে ২১০ ব্যাগ, সদরে ৩১৩ ব্যাগ, শ্রীমঙ্গলে ২৩৫ ব্যাগ এবং কমলগঞ্জে ২৩৫ ব্যাগ।
জেলার বিভিন্ন উপজেলায় সকল আশ্রয়কেন্দ্র সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন দেখা দিলে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা যায়।
সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন, মৌলভীবাজারের পক্ষ থেকে সকলকে সরকারি নির্দেশনা অনুসরণ, প্রয়োজন ব্যতীত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত ত্রাণ বিতরণ, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং সার্বিক মানবিক সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসন মৌলভীবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।