মঙ্গলবার (৭ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, “একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব অপরিসীম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্তা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা এবং এতিম শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সরকারের এই ধরনের সহায়তা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। আর্থিক অসচ্ছলতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে এতিম ও অসহায় শিশুদের লেখাপড়া, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার এবং সমাজের বিত্তবান মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার রয়েছে, তার বাস্তবায়নে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সেটিই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া,বকশি মিছবাউর রহমান , উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মারুফ আহমেদ ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং তাদের সফলতা ও কল্যাণ কামনা করেন।