১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৫ মার্চ ২০২৬ ০৫:০৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নগদ ঈদ সেলামী (বোনাস) প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে এ সংক্রান্ত চেক সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে তুলে দেন তিনি।
এই সহায়তার আওতায় দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে। পরে সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকেও প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা গভীরভাবে ভাবছেন। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন মানবিক উদ্যোগ গ্রহণ সত্যিই প্রশংসনীয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট নগরীকে আন্তর্জাতিক মানের আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে নগরীকে প্রথমে ‘গ্রীন অ্যান্ড ক্লিন (Green & Clean)’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস প্রচেষ্টায় সিলেট নগরী আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের কাজে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সিসিক প্রশাসক আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
Helpline - +88 01719305766