৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ০৭:০৩
হেলাল আহমেদ দিরাই থেকে ::
সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দিরাই উপজেলার তিনটি গ্রামের নারীদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন সরকারের বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার অবিসংবাদিত নেতা, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বর্তমান সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মলিন এবং সংসদ সদস্য এম খয়ছর আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে তাদের স্বস্তি দেওয়াই আমাদের সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে গ্রামবাংলার পরিশ্রমী নারীদের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে আমরা প্রতিটি ঘরে খাদ্য সহায়তা নিশ্চিত করছি। দিরাই-শাল্লার কোনো মানুষ যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমাদের কঠোর নজরদারি থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বর্ষীয়ান নেতা নাছির উদ্দীন চৌধুরী বলেন, “দিরাই-শাল্লার মাটি ও মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সাধারণ মানুষের মুখে হাসি ফুটাবে। আমরা চাই স্বচ্ছতার সাথে প্রকৃত অভাবী ও অসহায় পরিবারগুলো যেন এই সরকারি সুবিধা পায়।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় তিনটি গ্রামের কয়েকশত নারীর হাতে টিসিবির এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা সুলভ মূল্যে ভোজ্য তেল, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। কার্ড হাতে পেয়ে স্থানীয় নারীরা তাদের সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।
Helpline - +88 01719305766