নিজস্ব প্রতিবেদক:- ৮ ডিসেম্বর সোমবার মৌলভীবাজার মুক্ত দিবস। এই দিনে মৌলভীবাজার জেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ওই দিন মুক্তিযোদ্ধাদের তুমুল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনীরা সিলেটের দিকে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় মৌলভীবাজার জেলা।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করে মৌলভীবাজার শহর শত্রুমুক্ত হয়েছিল। এর পর থেকে এই দিনটি মৌলভীবাজার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর সোমবার সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ও শাহ মোস্তফা সড়কস্থ গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব খসরু চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজী মনজুর আহমদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।